শিলিগুড়ি : শিলিগুড়িতে ভাড়া বাড়ি নিয়ে গাঁজার কারবার চালানোর চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো। ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর সফল অভিযানে ১৭ কেজি গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রী নগর এলাকায় কমল চন্দ্র পাল নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে গাঁজার কারবার চালাচ্ছিল কোচবিহারের চিলকিরহাটের বাসিন্দা আশুতোষ বিশ্বাস। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। অভিযোগ, আশুতোষ বিশ্বাস ওই বাড়িতে গাঁজা মজুত রেখে বিভিন্ন জেলায় সরবরাহ করত। এদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে দুই মাদক কারবারি উত্তম সরকার ও উজ্জ্বল সরকার গাঁজা কিনতে এলে হাতেনাতে পাকড়াও করা হয় তিনজনকেই।
অভিযানে নেতৃত্ব দেন ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারী। পুলিশের উপস্থিতিতে আশুতোষের ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ধৃত তিনজনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা।

