শিলিগুড়ি : এবার থেকে বাড়িতে পোষ্য রাখতে নিতে হবে অনুমতি। কোলকাতা পুরসভার ধাচে এবার শিলিগুড়ি পুরসভাও এই নিয়ম আনতে চলেছে। পুজোর পরেই শহরজুড়ে এই নিয়ম চালু করতে চলছে পুরসভা। এতে পোষ্যদের উপর নির্যাতন কম হবে বলেই মত পুর কর্তৃপক্ষের।
১৯৮০ সাল থেকে কোলকাতা পুরসভায় এই নিয়ম রয়েছে। বলা রয়েছে বাড়িতে যে কোনো প্রজাতির পোষ্য রাখলেই পুরসভা থেকে ১৫০ টাকার বিনিময়ে ৫ বছরের জন্য নিতে হবে লাইসেন্স। আর তা না নিয়ে বাড়িতে পোষ্য পোষা মানেই আইনের চোখে তিনি অপরাধি। যদিও, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার পরিকাঠামো না থাকায় এই নিয়ম ফাইল বন্দি হয়ে রয়েছে কোলকতায়।
তবে সম্প্রতি শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নিগমপল্লীর একটি বাড়িতে ঘটে যাওয়া ঘটনা এই নিয়ম নিয়ে শিলিগুড়ি পুরকর্তৃপক্ষকে ভাবাতে শুরু করেছে। জানা গিয়েছে, ওই এলাকায় এক ভারাটে বাড়ি ছেড়ে চলে গেলেও ঘর বন্ধ অবস্থায় আটকে রেখে গিয়েছিলে তার পোষ্য একটি কুকুর ও একটি বেড়ালকে। দুদিন পর বিষয়টি নজরে এলে স্থানীয় কাউন্সিলের সহযোগীতায় পোষ্যদের উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করা হয়। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, অনেকেই বাড়িতে পোষ্য এনে তাদের হেলাফেলা করে তাদের উপর অত্যাচার করছে। এটা আইন বিরুদ্ধে কাজ। শীঘ্রই বিষয়টি নিয়ে আলোচনা করে কোলকাতা পুরসভার মতো আইন নিয়ে আসা হবে।
এই লাইসেন্স নিলে পোষ্যর মালিকদেরও সুবিধে রয়েছে। নিয়ম বলছে পোষ্য কাউকে কামড় দিলেও তার হাতে থাকা লাইসেন্স দেখালেই আইনের চোখে অপরাধী হিসেবে গণ্য হবেনা তিনি।

