শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি পদে এখনো কি রয়েছেন পাপিয়া ঘোষ? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের অন্দরে। কয়েকদিন আগেও জেলা তৃণমূলের কর্মসূচি, জেলা সভাপতি পাপিয়া ঘোষের তরফে ডাকা হলেও এখন আর তা হচ্ছে না। দলের সভা ডাকছেন জেলার চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পাপিয়া ঘোষ কি আদৌ দার্জিলিং জেলার সভাপতি রয়েছেন? তৃণমূলের অনেকেই মনে করছেন, পাপিয়া যদি সভাপতি নাই থাকেন, তবে তার পরিবর্তে সভাপতি যেই হোন না কেন, তার নাম দ্রুত ঘোষণা করে দেওয়া উচিত। যদিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা মুখপাত্র বেদব্রত দত্ত I
রাজ্যের প্রায় সবকটি জেলায় তৃণমূলের জেলা সভাপতি নাম ঘোষণা করা হলেও একমাত্র বাদ রয়েছে দার্জিলিং জেলার জেলা সভাপতি নাম। দীর্ঘ প্রায় চার বছর পাপিয়া ঘোষ জেলা সভানেত্রীর দায়িত্ব পালন করলেও মাসখানেক আগে তৃণমূলের এক বিজ্ঞপ্তিতে জেলা চেয়ারপারসন হিসেবে সঞ্জয় টিব্রুয়ালের নাম ঘোষণা করা হলেও সভাপতির নাম পরে ঘোষণা করা হবে বলে উল্লেখ ছিলো। আর এতেই জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। সামনে একুশে জুলাই তৃণমূলের ধর্মতলা চলো কর্মসূচি। আর এরই মধ্যে দার্জিলিং জেলার সমতলের সভাপতি নিয়ে জোর চর্চা দলের অন্দরেই।

