শিলিগুড়ি : রাজবংশী ভাষার সরকারি স্বীকৃতির দাবি দীর্ঘদিনের। সেই দাবিকেই নতুন করে উত্থাপন করলেন চলতি বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরের বাসিন্দা প্রাক্তন শিক্ষক নগেন্দ্রনাথ রায়। তিনি শুধু স্বীকৃতি নয়, রাজবংশী ভাষায় অল ইন্ডিয়া রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারেরও দাবি তুলেছেন।
মাত্র এক বছরের প্রচেষ্টায় সংস্কৃত থেকে রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করেন নগেন্দ্রবাবু। তাঁর এই অসামান্য কাজকেই স্বীকৃতি জানিয়ে কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে রাইসিনা হিলে তিনি এই সম্মান গ্রহণ করেন।
ভাড়ি বয়সের দোরগোড়ায় পৌঁছে গেলেও থেমে নেই নগেন্দ্রনাথ রায়। অসুস্থতা ভুলে এখনও পড়াশোনা আর লেখালিখিতেই ডুবে থাকেন তিনি। পাহাড়িয়া টাইমস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নগেন্দ্রবাবু সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আর্জি জানিয়েছেন রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলির অন্তর্ভুক্ত করার জন্য। একইসঙ্গে অল ইন্ডিয়া রেডিওকে চিঠি দিয়ে রাজবংশী ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের আবেদন জানানোর কথাও জানিয়েছেন তিনি। নগেন্দ্রনাথ রায়ের এই সরব ভূমিকা নতুন করে আশার আলো জাগিয়েছে রাজবংশী ভাষাভাষী মানুষের মধ্যে। দীর্ঘ আন্দোলনের পথে পদ্মশ্রীর কণ্ঠস্বর এবার আরও জোরালো হয়ে উঠল বলে মনে করছে আন্দোলনকারীরা।

