শিলিগুড়ি : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেতন ও বোনাস না পেয়ে বিক্ষোভ দেখালো অস্থায়ী কর্মীরা। যার জেরে ব্যাহত হল পরিষেবা। কয়েকদিনের মাথায় শুরু হচ্ছে দুর্গা পুজো। আর এই উৎসবের মরশুমেই বোনাসের টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা প্রশাসনিক ভবনে ব্যাপক বিক্ষোভ দেখালেন। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ হাসপাতালের পরিষেবা ব্যাহত হয়, যার ফলে রোগী ও তাঁদের আত্মীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মোট ২৮৮ জন অস্থায়ী কর্মী রয়েছেন। তাঁরা দীর্ঘ দিন ধরে অত্যন্ত কম বেতনে কাজ করছেন। অভিযোগ, তাঁদের বেতন দেওয়া হয় হাজিরা অনুযায়ী। তবে এবার পুজোর আগে বেতন অনিয়মের পাশাপাশি তাঁদের বোনাসের টাকাও কেটে নেওয়া হয়েছে। এই খবর কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়তেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন।
মঙ্গলবার সকালে প্রায় পাঁচশোরও বেশি অস্থায়ী কর্মী হাসপাতালের সহকারি সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের বোনাসের পুরো টাকা ফিরিয়ে দিতে হবে। কর্মীদের এই আকস্মিক বিক্ষোভে হাসপাতালের জরুরি পরিষেবা থেকে শুরু করে সাধারণ ওয়ার্ডের কাজও থমকে যায়। প্রায় এক ঘন্টা ধরে চলা এই বিক্ষোভের কারণে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভকারীরা জানান, এই বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো সুরাহা মেলেনি। তাঁরা দাবি করেন, যদি তাঁদের বোনাসের টাকা ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

