শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বরে তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ পৃথক ক্যান্সার হাসপাতাল। ইতিমধ্যেই ভবন নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। ১০০ শয্যার আধুনিক এই হাসপাতাল চালু হলে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত
মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বহির্বিভাগ পরিষেবা চালু হয়ে যাবে। ধাপে ধাপে চালু হবে রোগী ভর্তি এবং অস্ত্রোপচারের সুবিধাও। টাটা ক্যান্সার কেয়ারের সহযোগীতায় এই হাসপাতাল গড়ে তুলছে রাজ্য সরকার। ইতিমধ্যে হাসপাতাল ভবনের অনেক কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে রেডিওথেরাপি, কেমোথেরাপি ও অনকোলজি সার্জারির জন্য আলাদা ইউনিট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্য মহলের মতে, এতদিন ক্যান্সার চিকিৎসার জন্য কলকাতায় কিংবা দক্ষিণ ভারতে যেতে হতো উওরের বহু রোগীকে। নতুন এই হাসপাতালের পরিকাঠামো গড়ে উঠলে কেবল শিলিগুড়ি নয়, মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-সহ গোটা উত্তরবঙ্গ উপকৃত হবে। পাশাপাশি সিকিম, বিহার, অসমের কিছু অংশ এবং প্রতিবেশী দেশ নেপাল -ভুটানের রোগীরাও পরিষেবা পাবেন।

