শিলিগুড়ি: রোগী চাপে নাজেহাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। শুধু শিলিগুড়ি নয় উত্তরের ৬ জেলা থেকে আসছে রোগী। এতেই কার্যত বিপর্যস্ত মেডিকেল কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে নালিশ জানিয়ে চিঠি লিখবেন মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সরকার পক্ষের প্রতিনিধি মেয়ের গৌতম দেব।
ক্রমশই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। অভিযোগ উত্তরের ৬ জেলা থেকে ছোট ছোট চিকিৎসার ক্ষেত্রেও রোগীদের মেডিকেল কলেজ কলেজে পাঠিয়ে দিচ্ছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এতেই সমস্যায় পড়েছে মেডিকেল কর্তৃপক্ষ।শুধু মেডিকেল কর্তৃপক্ষই নয়, এতে হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনকে। অভিযোগ ওষুধ নিতেও জেলার হাসপাতাল গুলি রোগীর পরিজনদের পাঠাচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি জানা মাত্রই উস্মা প্রকাশ করেন মেয়র গৌতম দেব।
বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নালিশ করতে মেডিকেল কর্তৃপক্ষের কাছে ডেটা চেয়ে পাঠিয়েছেন তিনি। মেয়র বলেন, বিষয়টি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি যাতে সমস্যার সমাধান করেন।
চিকিৎসকদের একাংশ মনে করছে স্বাস্থ্য ব্যবস্থার ওপর নজরদারির অভাবের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন থেকেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিষয়টির উপর কড়া পদক্ষেপ না নিলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেবে।

