শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা ব্যবসার বিরুদ্ধে অভিযান চালালো শিলিগুড়ি পুরসভা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে খালপাড়া এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় তিন কুইন্টাল নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অরুণ কুমার গোয়েল নামে এক ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে।
সোমবার দুপুরে পুরসভার কর্মীরা খালপাড়ায় নজরদারি চালানোর সময় একটি ভ্যানে করে বিপুল পরিমাণ প্লাস্টিক ক্যারিব্যাগ পাচার করার চেষ্টা হচ্ছিল। পুরকর্মীরা ভ্যানটিকে আটক করলে ব্যবসায়ী অরুণ কুমার গোয়েল অসহযোগিতা করেন এবং ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের সহায়তায় প্লাস্টিক ভর্তি ভ্যানটি শিলিগুড়ি থানায় পাঠানো হয়।
এছাড়াও, পুরকর্মীরা গোডাউনের চাবি না পাওয়ায় সেটি খুলতে পারেননি। তবে সরকারি নিয়ম মেনে গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে এবং এর ভেতরে থাকা সমস্ত প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে অবৈধ প্লাস্টিক ব্যবসার বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।

