কালিম্পং : বাংলা-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক টানা বর্ষণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। ধস এবং রাস্তা ভেঙে তিস্তার গর্ভে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। এর ফলে প্রতিদিন প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলে সূত্রের খবর। পাশাপাশি, সীমাহীন দুর্ভোগে পড়ছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট পরিদর্শনে যান ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কে। শ্বেতি ঝোড়া, লিকুভির, মল্লি সহ একাধিক জায়গায় রাস্তা সম্পূর্ণভাবে ধসে গিয়েছে। কোথাও কোথাও রাস্তার চিহ্নও নেই। আপৎকালীন ব্যবস্থায় ছোট গাড়ির জন্য পাহাড় কেটে অস্থায়ী পথ তৈরি করা হয়েছে। তবে বড় গাড়িগুলোকে ঘুরপথে চালানো হচ্ছে, যার ফলে সময় ও খরচ দুই-ই বাড়ছে।
পরিদর্শনের পর সাংসদ রাজু বিস্ট জানান,
এই সড়কটি প্রতিবছরই বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়। এতদিন পূর্ত দপ্তর এর দায়িত্বে থাকলেও কোনো দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ হয়নি। সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।জাতীয় সড়কটির স্থায়ী উন্নয়নের জন্য ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং এনএইচপিসিকে যৌথভাবে কাজ করতে হবে।
সাংসদের প্রস্তাব, আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নদীর উপর দিয়ে ওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। এর ফলে বৃষ্টির সময় সড়ক ধসের ঝুঁকি এড়িয়ে বিকল্প যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য স্তরে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

