শিলিগুড়িঃ লাদাখ হিমালয়ের এক অজানা ও অনাহরিত শৃঙ্গ জয়ের লক্ষ্যে রওনা দিচ্ছেন চার পর্বতারোহী। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর উদ্যোগে নয় বছর পর আবারও আয়োজিত হচ্ছে এই পর্বত অভিযান।
এই অভিযানে অংশ নিচ্ছেন ন্যাফের চার সদস্য—গণেশ সাহা (টিম লিডার), কল্যাণ দে, সুদেব রায়, ও কাজল কর দত্ত। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে তাঁরা যাত্রা শুরু করবেন লাদাকের উদ্দেশ্যে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই অভিযান এমন একটি শৃঙ্গে, যা এখনও পর্যন্ত জয় করেননি কোনো পর্বতারোহী। সেই অজানা শৃঙ্গ জয়ের চ্যালেঞ্জই গ্রহণ করেছেন চার অভিযাত্রী।
বুধবার এক অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাফের অন্যান্য সদস্য ও শহরের একাধিক জনপ্রতিনিধি।
ন্যাফের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়-প্রেমীদের জন্য এটি শুধু একটি অভিযান নয়, বরং এক নবতর উন্মেষের সূচনা। সংগঠনের তরফে ভবিষ্যতেও এধরনের উদ্যোগের আশ্বাস দেওয়া হয়েছে

