শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের নিউ পালপাড়া এলাকায় শনিবার দুপুরে প্রতারণা ও চুরির ঘটনা ঘটল। দিনদুপুরে ওই এলাকার একটি দোকান থেকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই যুবক। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
জানা গেছে, শনিবার দুপুরে নিউ পালপাড়ার এক দোকানে দুই যুবক প্রথমে কিছু জিনিস কেনে এবং দাম মিটিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার ফিরে আসে এবং দোকানদারকে জানায়, তারা সোনা পরিষ্কারের পাউডার বিক্রি করে। সেই কথা বলে দোকানদারের কাছ থেকে একটি সোনার চেন ও একটি আংটি নিয়ে সেটি পরিষ্কার করার নাম করে এক বিশেষ ধরনের পাউডার মাখিয়ে একটি প্যাকেটে রেখে দেয়।
এরপর তারা দোকানদারকে বলে, প্যাকেটটি এক ঘণ্টা পরে খুলতে। সন্দেহ না করে দোকানদার তাদের কথা মতো প্যাকেট রেখে দেয়। কিন্তু কিছু সময় পর প্যাকেট খুলে দেখে, সেটি একেবারে খালি। তখনই বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন তিনি।
ঘটনার খবর পেয়ে আসিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

