শিলিগুড়ি : দিন দিন ‘যানজট নগরি’ নামে পরিচিত হয়ে উঠছে শিলিগুড়ি শহর। অপরিকল্পিত রাস্তাঘাট আর বিশৃঙ্খল যানচলাচলের ফলে শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। সেই যানজটের জাল থেকে শিলিগুড়িকে মুক্ত করতেই এবার বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ।
দূর পাল্লার বাসগুলির জন্য আধুনিক পরিকাঠামো সহ একটি নতুন বাস টার্মিনাস গড়ে তোলা হবে মাটিগাড়ায় অবস্থিত পরিবহন নগরে। রাজ্যের পরিবহন দপ্তর ইতিমধ্যেই এই প্রকল্পে সিলমোহর দিয়েছে। অর্থ দপ্তরের তরফ থেকে বরাদ্দ হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা।
বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এসজেডিএর চেয়ারম্যান দিলীপ দুগার। বৈঠকে শহরের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়, যার মধ্যে যানজট নিরসনের বিষয়টি ছিল অগ্রাধিকার ভিত্তিতে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ দুগার জানান, মেয়র গৌতম দেবের প্রস্তাবেই এই বাস টার্মিনাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এখানে ৭০ টি বাসা দাড়ানোর মতো ব্যাবস্থা থাকবে। এচাড়া আধুনিক টিকিট কাউন্টার, ফুড ব্লক করা হবে। পাশাপাশি পরিবহন নগরের ট্রাক টার্মিনাসকেও ৪৫ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক করা হবে। সেখানে চালকদের বিশ্রামাগার, শৌচালয় তৈরি করে হবে।
বর্তমানে একটিমাত্র রাস্তায় টোটো থেকে শুরু করে রাজ্য ও ভিন রাজ্যের দূরপাল্লার বাস চলাচলের ফলে শিলিগুড়ি শহরের জংশন এলাকা ও সংলগ্ন অঞ্চলে প্রতিদিন বিশাল যানজট তৈরি হয়। শহর থেকে দার্জিলিং মোড় পর্যন্ত ২ কিমি রাস্তা পেরোতেই সময় লাগে প্রায় এক ঘণ্টা। নতুন এই বাস টার্মিনাস নির্মাণ হলে শহরের কেন্দ্র থেকে দূরপাল্লার বাস চলাচল কমবে এবং যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলেই আশাবাদী এসজেডিএ কর্তৃপক্ষ

