শিলিগুড়ি : পুরনিগমের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন পুরনিগমের পরিষদীয় নেতা মুন্সী নুরুল ইসলাম। বৃহস্পতিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি মেয়র গৌতম দেবকে ‘শুধুই আশ্বাসের মেয়র’ আখ্যা দিয়ে বলেন, “তিনি পুরবোর্ড চালাতে সম্পূর্ণ ব্যর্থ। প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই করেন না।” এই সবের প্রতিবাদে তারা শুক্রবারের বোর্ডসভা বয়কট করছেন।
সিপিএম-এর অভিযোগ, কোটি কোটি টাকার বাজেট নির্ধারিত হলেও শহরের সার্বিক পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। বেআইনি নির্মাণ, বেহাল জল পরিষেবা, আবর্জনার সঠিক ব্যবস্থাপনা না থাকা এবং গরিব মানুষের দোকান ঘর ভাঙার মতো একাধিক ইস্যুতে মেয়রের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন নুরুল ইসলাম। তিনি বলেন, “প্রোমোটারদের অবৈধ নির্মাণে প্রশাসন নির্বিকার, সাধারণ মানুষের উপরেই শুধু চাপ।” এদিনের সাংবাদিক বৈঠকে তিনি আরো বলেন, “মেয়র নিজের আরাম করার জন্য কার্যালয় বড়ো করছেন, অথচ মানুষের সেবায় তার মন নেই। পুরনিগমে স্থায়ী কর্মী নিয়োগ না করে অস্থায়ী কর্মী নিয়োগ বাড়ানো হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই। কাজের কাজ কিছুই হচ্ছে না, অথচ মাসে মাসে তাদের বেতন যাচ্ছে সাধারণ মানুষের টাকায়।” সিপিএমের কাউন্সিলাররা সিদ্ধান্ত নিয়েছেন, শুক্রবারের বোর্ডসভা তারা বয়কট করছেন।

