শিলিগুড়ি : শিলিগুড়ির বাগডোগরায় পথদুর্ঘটনায় মৃত্যু হল একটি লেপার্ডের। সোমবার গভীর রাতে বাগডোগরা থানার অন্তর্গত হাঁসখোয়ার টুনা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা এবং বাগডোগরা বনবিভাগ সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক বারোটা নাগাদ দ্রুতগতিতে ছোটা কোনও অজ্ঞাতপরিচয় যানবাহন ৩১ নম্বর জাতীয় সড়কে একটি লেপার্ড ও একটি বিড়ালকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি প্রাণীর। পরে স্থানীয় মানুষজন রাস্তার উপর লেপার্ড ও বিড়ালের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
বাগডোগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং খবর দেয় বাগডোগরা বনবিভাগকে। বনকর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করেন।
বাগডোগরা বনবিভাগ সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, লেপার্ডটি সম্ভবত হাঁসখোয়া চা বাগান এলাকা থেকে এসে রাস্তার উপর দিয়ে ছুটে যাওয়া একটি বিড়ালকে তাড়া করছিল। সেই সময় কোনও দ্রুতগামী গাড়ি তাদের পিষ্ট করে।
বনবিভাগ জানিয়েছে, মঙ্গলবার লেপার্ডের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও গাড়ির খোঁজ মেলেনি।
এই ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। বিশেষত, জাতীয় সড়কের ধারে বনাঞ্চল ঘেরা এলাকায় রাতের বেলায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন পরিবেশপ্রেমীরা I

