শিলিগুড়ি :’দাদাগিরি’ ট্যাক্স না দেওয়ার অভিযোগে এক ট্যাক্সি ড্রাইভারকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। শনিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে বিক্ষোভ দেখায় এনজেপির একাংশ ট্যাক্সি চালক। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও, অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রভাবিত এনজেপি ট্যাক্সি হেল্পার ইউনিট।
এনজেপিতে ‘দাদাগিরি’ ট্যাক্স নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছে। অভিযোগ, সেখানে থাকা শাসক দলের সিন্ডিকেট থেকেই চলছে এই তোলাবাজি। কয়েকদিন আগেও সিকিমের এক ট্যাক্সিচালক কেউ মারধর করার অভিযোগ ওঠে এনজেপি চত্বরে। মারধরের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মাধ্যমে। সেই রেশ কাটতে না কাটতেই এদিন সকালে দাদাগিরি ট্যাক্স দিতে না চাইলে ফের ট্যাক্সি চালককে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। আক্রান্ত ট্যাক্সি চালক বিকি আগরওয়ালের অভিযোগ টাকা দিতে অস্বীকার করলে তাকে ব্যাপক মারধর করে প্রাণে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা।
তবে এনজেপি এলাকায় এই দাদাগিরি ট্যাক্স নিয়ে বারবার একই অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসক দল। যদিও, গোটা ঘটনা অস্বীকার করেছেন ইউনিটের পক্ষে পরিমল মালাকার। তার দাবী আক্রান্ত চালক অপরিচিত। এখানে কোনও টাকা নেওয়া হয়না। চালকদের সাহায্য করতেই এই ইউনিট।

