পানিট্যাঙ্কি : নেপালে রাজনৈতিক অস্থিরতার জেরে কার্ফু জারি থাকার পর বৃহস্পতিবার তা কয়েক ঘন্টার জন্য শিথিল করা হয়। এই সুযোগে নেপালে আটকে পড়া ভারতীয় পর্যটক, শ্রমিক এবং তীর্থযাত্রীরা দেশে ফিরতে শুরু করেছেন। ভারত-নেপাল সীমান্তে, বিশেষ করে পানিট্যাঙ্কিতে, সকাল থেকেই ভারতীয়দের দীর্ঘ লাইন দেখা গেছে।
সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালাচ্ছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। প্রত্যেক ভারতীয়র আধার কার্ড ও নেপালে প্রবেশের কারণের মতো গুরুত্বপূর্ণ নথি যাচাই করা হচ্ছে। একইসঙ্গে, রাজ্য পুলিশের একটি ক্যাম্পও করা হয়েছে। দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ এবং জেলা শাসক প্রীতি গোয়েল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একাধিকবার সীমান্ত পরিদর্শন করেন।
এসএসবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে সাধারণ যাতায়াত বন্ধ থাকবে। তবে মানবিক কারণে নেপালে আটকে থাকা ভারতীয় এবং ভারতে আটকে থাকা নেপালের বাসিন্দাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। দার্জিলিং-এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। নেপাল থেকে ফিরে আসা ভারতীয়দের খাবার এবং গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেন যে ভারতের দিকের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এদিকে নেপালে কার্ফু শিথিল হলেও এদিন সকালে সেখানকার জেলে বন্দিদের পালানোর চেষ্টার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে পানিট্যাঙ্কিতে এসএসবি নজরদারি আরও বাড়িয়েছে এবং সীমান্ত বরাবর জওয়ানরা রুট মার্চ করছেন। জল পথে বাড়ানো হয়েছে নজরদারি। তবে জরুরি প্রয়োজনে এদিন কয়েকটি জ্বালানি ট্যাংকারকে নেপালে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

