শিলিগুড়ি : শিলিগুড়ির ফুলবাড়ী ভারত-বাংলাদেশ সীমান্তে সোমবার সকাল থেকে শুরু হয়েছে অচলাবস্থা। বাংলাদেশগামী ভূটানের লরি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ভারতীয় লরি চালকরা। সীমান্তে আটকে দেওয়া হয়েছে ভূটানের কয়েক হাজার পন্যবাহী লরি। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। গোটা বিষয়টি উপর নজর রাখছে বিএসএফ।
ভারত বাংলাদেশের মধ্যে স্থলবন্দর দিয়ে পন্য আমদানি রপ্তানিতে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে বাংলাদেশের সঙ্গে ভূটান ও নেপালের আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারতের মাটি ব্যাবহার করা যাবে বলেও ছাড় দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে রোজ ভারত বাংলা সীমান্ত ফুলবাড়ি দিয়ে যাতায়ার করছে বাংলাদেশ, নেপাল ও ভূটানের লরি।
আন্দোলনকারী ভারতের লরি চালকদের অভিযোগ, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে স্থলপথে ব্যবসা বন্ধ করে দিয়েছে। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে লরি চালক থেকে মালিকরা। সেই জায়গায় নেপাল ভূটানের লরি পাথর বোঝাই করে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার সুবিধা পাচ্ছে। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায়না। এটা বৈষম্যে ছাড়া কিছুই নয়। অবিলম্বে ভারতের মাটি ব্যবহারে নেপাল ভূটানের লরিতেও নিষেধাজ্ঞা জারি করতে হবে এদেশের সরকারকে।

