শিলিগুড়ি: হাতির হানায় জখম হলেন এক বৃদ্ধা। আমবাড়ীর ভোরের আলো থানার অন্তর্গত রাজগঞ্জ বিধানসভা এলাকার ফাড়াবাড়িতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় ব্যপাক আতঙ্ক ছড়ায় গ্রামে। ভুট্টার লোভে বনবস্তিতে হাতি ঢূকে যাচ্ছে বলে মনে করছে বনদপ্তর।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ওই বৃদ্ধার নাম পম্পা ছেত্রী। গতকাল রাতে তার বাড়িতে আচমকা ঢুকে পড়ে হাতিটি। তা দেখেই প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় হাতির সামনে পড়ে যান বৃদ্ধা। হাতিটি প্রাণে না মারলেও বৃদ্ধাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে প্রাণে বেঁচে গেলেও
গুরুতর আহত হন তিনি। এরপর তাকে তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় রোজই হাতির পাল বৈকুন্ঠপুর এলাকায় বেড়িয়ে আসছে। গতকাল রাতে ৩টি হাতি ফারাবাড়ি এলাকায় ঢুকে পড়ে। সেই গ্রামের দুটি বাড়ি ভেঙে দেয়। পরিস্থিতি বুঝে এলাকার লোকজন বাজি পটকা ফাটিয়ে হাতি ৩টিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে। অভিযোগ, প্রতিক্ষেত্রে ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে আসছেন বনকর্মীরা। নিয়মিত টহলদারি করেছে না বনদপ্তর। যার কারণে হাতি ঢুকে ভূট্টা সহ চাষের জমি ক্ষতিগ্রস্থ করছে হাতির পাল। বাড়ছে প্রাণহানীর আশঙ্কাও।

