শিলিগুড়ি : শিলিগুড়ি শহরের গণ্ডি ছাড়িয়ে এ বার গ্রামবাংলার মাটিতে প্রথমবারের জন্য নাট্যোৎসবের আয়োজন। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে শিক্ষা চিন্তন গ্রুপের সহযোগিতায় এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান মহকুমা পরিষদের সদস্য অরুন ঘোষ।
নাট্যোৎসব শুরু হবে আগামী ৬ই সেপ্টেম্বর, চলবে টানা পাঁচদিন। উৎসবের সাহিত্যিক তারা শংকর বন্দ্যোপাধ্যায়ের জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মিত নাটক দেখানো হবে। উৎসবের প্রধান কেন্দ্রবিন্দু নকশালবাড়ি কমিউনিটি হল। উদ্বোধনী দিনে বিরসা মুন্ডা কলেজের ছাত্রছাত্রীদের জয় জোহার গ্রুপ পরিবেশন করবে নাটক।
অরুন ঘোষ জানান, “গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখার লক্ষ্যে প্রথমবার এই ধরনের উৎসব গ্রামাঞ্চলে করা হচ্ছে। নাটকের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।
নাট্যোৎসব সম্পূর্ণভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত ও বিনামূল্যে। পাশাপাশি, উৎসবস্থলে বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসার বিশেষ ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষামূলক অভিজ্ঞতার পাশাপাশি সংস্কৃতিরও সংস্পর্শে আসতে পারে আগামী প্রজন্ম।
স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও নাট্যপ্রেমীদের মধ্যে এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে গ্রামাঞ্চলের সাংস্কৃতিক পরিসরকে এক নতুন দিশা দেখাবে বলেই মত বিশিষ্টজনদের।

