শিলিগুড়ি: ৪ আগস্ট: স্কুলে পরীক্ষা চলাকালিন সরকারি অনুষ্ঠান করে বিতর্কে জড়ালেন মেয়র গৌতম দেব। সোমবার পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র প্রসাদ গার্লস হাইস্কুলে রাজ্য সরকারের আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হয়। সকাল ১০ থেকে শুরু হয় এই ক্যাম্প। সকাল থেকেই শিবিরে ভিড় জমে হাজার হাজার মানুষ, আসেন সরকারি আধিকারিকরাও। তবে এই শিবিরের জন্যই আজ সমস্যায় পড়ে স্কুলের ছাত্রীরা।
এদিন সেই স্কুলেই ছিল সপ্তম ও অষ্টম শ্রেণির ইতিহাস ও ভূগোল পরীক্ষা। সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরকারি শিবিরের জন্য তা আধ ঘণ্টা পিছিয়ে যায়। তিনতলা স্কুল ভবনের নিচতলায় শিবির, আর দোতলা-তিনতলায় চলে পরীক্ষা। ছাত্রীরা জানায়, নিচে মাইক এবং ভিড়ের জন্য পরীক্ষায় মনোযোগে ব্যাঘাত ঘটে। ক্যাপ উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবI তিনি বলেন, “পরীক্ষা পরীক্ষার মতোই চলছে। নিচে চলছে সরকারি সহায়তা প্রদান। তবে আগামীতে এমন ঘটনা যাতে না ঘটে তা নজরে রাখা হবে। স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা দেব জানান, এই সরকারি শিবির আয়োজনে স্কুল কর্তৃপক্ষের কোনও অনুমতির প্রয়োজন হয়নি। সবকিছুই মহকুমা শাসকের নির্দেশে হয়েছে। পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটেছে ঠিকই, তবে ছাত্রীরা সচেতনভাবে সামলেছে।”ছাত্রীদের মতে, পরীক্ষার দিনে এমন অনুষ্ঠান না হলেই ভালো হতো। তবে পরিস্থিতি ম্যানেজ করে নিতে হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর আলম খান বলেন, পরীক্ষার অসুবিধা যাতে না হয় তার জন্য আগে থেকেই ব্যাবস্থা নেওয়া হয়েছিল।

