শিলিগুড়ি : অষ্টম শ্রেণির এক ছাত্রকে দীর্ঘদিন ধরে সহপাঠীর হাতে নির্যাতনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। মারধরের পাশাপাশি টাকা দাবি করার ঘটনাটি সম্প্রতি ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
অভিভাবকের দাবি, অভিযুক্ত ছাত্র প্রতিদিনই ছেলেকে মারধর করে টাকা আদায় করত। বিষয়টি স্কুলের সহকারী প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে আতঙ্কে পড়ুয়াকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্যাতিত ছাত্রের বাবা।
তিনি জানান, দীর্ঘদিন ধরে নির্যাতন চলছে, স্কুলকে জানিয়েও কোনো লাভ হয়নি। এই অবস্থায় ছেলেকে আর ওই স্কুলে পাঠাব না। ওকে সোমবার ছাড়িয়ে নিয়ে আসব।
ঘটনার পর থেকেই স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মহল ও শিক্ষাপ্রেমীদের দাবি, অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

