শিলিগুড়ি : শহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে শিলিগুড়ি পৌরনিগম। খালপাড়ায় একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ টন প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অরুণ কুমার গোয়েল নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পৌরনিগম।
পৌরনিগমের কাছে গোপন সূত্রে খবর আসে যে খালপাড়া এলাকায় অরুণ কুমার গোয়েল নামে এক ব্যক্তি তার গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবসা চালাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে পৌরনিগম একজন কর্মীকে নজরদারির জন্য পাঠায়। গত সোমবার ওই কর্মী গোডাউনের কাছে একটি ভ্যানে প্লাস্টিক বোঝাই করে পাচার করার সময় হাতেনাতে তা আটক করেন। ভ্যানটি থেকে প্রায় তিন কুইন্টাল প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়। তবে এ সময় অভিযুক্ত ব্যবসায়ী পৌরনিগম কর্মীদের সঙ্গে অসহযোগিতা করেন।
গোডাউন সিল ও পরবর্তী উদ্ধার অভিযান
সোমবার গোডাউনের চাবি না থাকায় সেটি খোলা সম্ভব হয়নি। তবে পৌরনিগম গোডাউনের বাইরের সমস্ত অবৈধ প্লাস্টিক নিজেদের হেফাজতে নিয়ে সেটিকে সিল করে দেয়। বুধবার পুলিশের উপস্থিতিতে গ্যাস কাটার দিয়ে গোডাউনের শাটার কেটে ফেলা হয়। গোডাউনের ভেতর থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে ৭ টন প্লাস্টিক ক্যারিব্যাগ। উদ্ধার হওয়া সমস্ত প্লাস্টিক পৌরসভা তাদের হেফাজতে নিয়েছে

