শিলিগুড়ি : এখনো সেভাবে বর্ষা শুরু না হলেও মাঝেমধ্যেই ঝড়, বৃষ্টিতে শিলিগুড়িসহ উত্তরবঙ্গের জেলা গুলির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। কখনো ট্রান্সফরমার বিকল হচ্ছে আবার কখনো গাছ পড়ে তার ছিঁড়ে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে জেলার গ্রাহকের বিদ্যুৎ পরিষেবা সঠিক রাখতে ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন বিদ্যুৎ দপ্তরের এগজিকিউটিভ ডিরেক্টর (ডিস্ট্রিবিউশন)পার্থ প্রতিম দত্ত। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বণ্টন কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার (উত্তর) রবিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি জোনের জোনাল ম্যানেজার শৌভিক বেরা, দার্জিলিঙের রিজিওনাল ম্যানেজার বিদীপ রণজন বর্মন সহ অন্যান্য আধিকারিকরা। অতিরিক্ত কর্মী ও যন্ত্র সামগ্রী নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার তা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ।অতিরিক্ত গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি জেলাগুলির বিভিন্ন জায়গায় মজুত রাখতে বলা হয়েছে। ২৪ ঘণ্টা মোবাইল ভ্যান পরিষেবা মজুত রাখতে হবে। সেই কারনে অতিরিক্ত মোবাইল ভ্যান রাখা হচ্ছে। প্রত্যন্ত এলাকায় যাতে কর্মীরা পৌঁছন, সেদিকে নজরদারি রাখা, সাধারণ মানুষ ও কর্মীরা যাতে দুর্ঘটনার কবলে না পড়ে সেদিকে নজর রাখতে হবে। কন্ট্রোল রুম খোলা রাখতে বলা হয়েছে । পুরো ব্যবস্থাপনা দুর্গাপুজো পর্যন্ত চলবে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

