কালিম্পং : ৪ আগস্ট প্রবল বর্ষণে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। একটানা বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়ে গর্ভে চলে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ। যার জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলা ও সিকিমের মধ্যে যানবাহন চলাচল।
স্বেতী ঝোড়ার কাছে জাতীয় সড়কের প্রায় এক তৃতীয়াংশ ধসে গিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পাঁচ মিটার চওড়া সড়কের তিন মিটারই নদীর জলে তলিয়ে গিয়েছে। বাকি যে দু’মিটার রয়েছে, তা দিয়ে শুধুমাত্র দু’চাকার যান ও অ্যাম্বুলেন্স-সহ জরুরি পরিষেবার গাড়ি কোনওরকমে চলাচল করছে।
সোমবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিদর্শন করেন। তাঁদের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, ধসে যাওয়া অংশের উপর নতুন করে রাস্তা তৈরি করা সম্ভব নয়। পুরোপুরি নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরি করতে হবে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতায়াত যাতে পুরোপুরি বন্ধ না হয়ে যায়, সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে ঘুরপথে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রশাসনের স্পষ্ট বার্তা নতুন রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত বাংলা-সিকিম সংযোগ স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

