শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমার ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন পানিটাঙ্কি এলাকায় আবারও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল এসএসবি। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় আধার কার্ড, মোবাইল ফোন, সিম কার্ড ও একাধিক সন্দেহজনক নথিপত্র। গোটা ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় বড় ফাঁসের আশঙ্কা করছে প্রশাসন।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় আটটা নাগাদ পানিটাঙ্কি এলাকায় সীমান্ত টহলের সময় ওই বাংলাদেশি যুবককে আটক করেন ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের নাম অরুণ কান্তি রায়, বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলায়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ প্রায় দু’বছর ধরে অরুণ ভারতেই বসবাস করছিল। সে দাবি করেছে, ভবেশ বর্মন নামে এক ব্যক্তি তাকে ভারতে আশ্রয় দিয়েছিল। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হওয়া নকল আধার কার্ডে তার নাম লেখা ছিল অর্ঘ্য বর্মন নামে। এসএসবি আরও জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪টি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন নথিপত্র উদ্ধার হওয়া বেশিরভাগ নথিই ভবেশ চন্দ্র বর্মনের নামে বলে জানা গেছে। জেরার মুখে ধৃত জানিয়েছে, বর্তমানে ওই ভবেশ বর্মন বাংলাদেশে থাকেন। এসএসবি ইতিমধ্যেই ভবেশের পরিচয় যাচাই ও অবস্থান শনাক্তে তদন্ত শুরু করেছে। ঘটনার পর রাত এগারোটা নাগাদ ধৃত অরুণ কান্তি রায়কে এসএসবি তুলে দেয় দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি উদ্ধার হওয়া সমস্ত নথির সত্যতা যাচাই করা হচ্ছে।

