শিলিগুড়ি : শিলিগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা! দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার ভালুগাড়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা করে চম্পট দিল চারজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে।
জানা গিয়েছে, একটি সাদা রঙের ছোট গাড়িতে করে আসে চারজন দুষ্কৃতী। তারা এটিএম ভাঙার চেষ্টা করছিল, সেই সময় ঘটনাটি নজরে পড়ে এক স্থানীয় বাসিন্দার। তিনি তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। খবর পেয়েই ছুটে আসে খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে এখানেই থেমে থাকেনি পুলিশ। দুষ্কৃতীদের গাড়িকে প্রায় ১২ কিলোমিটার ধরে তাড়া করে পুলিশ। ঘোষপুকুর, বিধাননগর হয়ে ইসলামপুর ঘুরে গাড়িটি বিহারের দিকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির নম্বর সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীরা এটিএম লুট করতে পারেনি। ব্যাংক কর্তৃপক্ষ এসে এটিএম পরীক্ষা করে সেই তথ্য নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, মাত্র একদিন আগেই ওই এটিএমে প্রায় ৫ লক্ষ টাকা জমা হয়েছিল। অর্থাৎ পুলিশ সময়মতো না এলে বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে, তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ

