শিলিগুড়ি : ছাদ বাগানে আপেল ফলিয়ে রীতিমতো চমক শিলিগুড়ির বড়দাকান্ত বিদ্যাপীঠের শিক্ষকের। অনেকেই ভাবছেন, আপেল তো শীতকালীন ফল। কিন্তু শিলিগুড়ির আবহাওয়ায় কী করে আপেল ফলানো সভব? কিন্তু আপনার যদি ছাদ বাগানের শখ থাকে তাহলে আপনিও আপনার ছাদে টবের মধ্যে চাষ করে আপেল ফলিয়ে পাড়া পড়শিকে তাক লাগিয়ে দিতেই পারেন। পাশাপাশি স্থানীয় কৃষকদের বিকল্প চাষে আর্থিক ভাবে উৎসাহিত করে তুলতে পারবেন। এমনটাই করে দেখিয়েছেন শিলিগুড়ির বড়দাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক পুলক জোয়াদ্দার। শিলিগুড়ির রথখোলার পুলক বাবুর ছাদবাগানে লাল টুসটুসে ও থোকা থোকা সবুজ আপেল দেখলে অবাক হয়ে যাবেন যে কেউ।
ভারতের আপেল মানেই প্রথমেই আসে ভূস্বর্গ কাশ্মীরের নাম। শীতপ্রধান অন্য অঞ্চলেও আপেল হয় কিছু কিছু। কিন্তু উষ্ণ অঞ্চলে কমলা ফললেও আপেল ফলার কথা প্রায় শোনাই যায় না। যদিও সমস্ত প্রজাতির আপেল এই গরম আবহাওয়াতে হয়না। তবে কিছু কিছু প্রজাতির চাষ এখন করা সম্ভবপর বলে মনে করছেন নিজের ছাদ বাগানে আপেল ফলিয়ে ফেলা পুলক বাবু। পুলক বাবু দীর্ঘ ২০ বছর ধরে তার ছাদ বাগানে এই আপেল চাষ করছেন। এছাড়াও পুলক বাবুর ছাদ বাগানের শোভা বাড়িয়েছে নানান ধরনের গোলাপ এবং পদ্মফুল।তবে বিশেষভাবে গরমে এই আপেল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়িতে।

