গুজরাট: ভয়াবহ বিমান দূর্ঘটনা আমেদাবাদে। ২৪২ জন যাত্রী নিয়ে বহুতলের উপর ভেঙে পড়ল লন্ডলগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার ৭৮৭ বিমান। ঘটনায় বিমানে থাকা সকলের মৃত্যুর আশঙ্কা রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে গুজরাটের প্রাক্তন মুখমন্ত্রী বিজয় রূপালিও ছিলেন। ঘটনায় পরই আমেদাবাদ পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। গ্রিন করিডর করে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করে খবর নিয়ে ঘটনাস্থলে আসছেন স্বরাস্ট্রমন্ত্রি অমিত শা। ঘটনায় নিজেদের সোশ্যাল সাইটে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দুপুর ১.৩৯ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই মেঘানিনগর এলাকার বহুতলের উপর বিমানটি ভেঙে পড়ে। স্থানীয়রা জানিয়েছে, বড় বিষ্ফোরণ হয়েছে বিমানে। জানা গিয়েছে মাটি থেকে মাত্র ৬২৫ ফুট উচ্চতাতে দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে ইমারজেন্সি বার্তা পাঠিয়েছিল। কিন্তু তার পর থেকে কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বিমানে ২ শিশু সহ ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। এর মধ্যে ১৭৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭জন পর্তুগাল ও ১ জন কানাডার বাসিন্দা।
তবে এই বিপুল বিষ্ফোরণ নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে বিমানে ভেঙে পড়ার পর বিষ্ফোরণ নাকি বিষ্ফোরণের কারণেই ভেঙে পড়েছে বিমান? তবে ঘটনায় নাশকতা বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন ৫ ঘন্টার যাত্রা পথে বিমানে বিপুল পরিমান জ্বালানিতেই বিষ্ফোরণ ঘটেছে ১১ বছরের পুরোনো বিমানটিতে। তবে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হলেই দূর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

