শিলিগুড়ি : শিলিগুড়িতে এসির পাইপ চুরির ঘটনায় গ্রেফতার এক, উদ্ধার বহু চুরি যাওয়া সামগ্রী
শিলিগুড়ি: শিলিগুড়িতে লাগাতার এসির তামা ও পিতলের পাইপ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র শহরের বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক স্থানে লাগানো এসি যন্ত্রাংশ চুরি করে আসছে দীর্ঘদিন ধরে।
মাত্র দু’দিন আগেই হিলকার্ট রোডের একটি নামী মার্কেট কমপ্লেক্স থেকে চুরি যায় ১৫টি এসির পাইপ ও যন্ত্রপাতি। এই ঘটনার পরেই শিলিগুড়ি থানায় ও পানিট্যাংকি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের পরিচয় জানতে পারে। গতকাল রাতে বিধান মার্কেট এলাকায় সন্দেহভাজন মোঃ আজমাতকে ঘোরাফেরা করতে দেখে ফাঁড়ির পুলিশ। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, বিধান মার্কেটের একটি পরিত্যক্ত জায়গায় সে বেশ কিছু চুরি করা এসির তামার ও পিতলের পাইপ লুকিয়ে রেখেছিল। পুলিশ সেখান থেকে বহু চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ধৃত মোঃ আজমাত শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার তুলসিনগরের বাসিন্দা। সোমবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই চুরির সঙ্গে একটি বড় চক্র যুক্ত রয়েছে। পুরো ঘটনার পেছনে কারা রয়েছে তা জানতেই এখন আরও তদন্ত চালানো হচ্ছে

