শিলিগুড়ি : দীর্ঘদিন ধরে প্রশাসনিক অচলাবস্থার শিকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আজ কার্যত অভিভাবকহীন অবস্থায়। উপাচার্য, রেজিস্ট্রার এবং কন্ট্রোলার—এই তিন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ শূন্য থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা। এমন পরিস্থিতিতে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করার দাবি জানাল এবিটিএ (অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন)।
বুধবার দুপুরে শিলিগুড়ির কলেজপাড়ায় এবিটিএ-র কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃত্ব এই বিষয়টি তুলে ধরেন। তারা জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ক্রমেই ভেঙে পড়ছে। প্রশাসনিক দায়িত্বে কেউ না থাকায় পরীক্ষার ফলপ্রকাশ, স্নাতকোত্তর ভর্তি, ট্রান্সক্রিপ্ট প্রদানসহ নানা জরুরি পরিষেবা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী।
এবিটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে আগামী বৃহস্পতিবার দুপুরে ‘রাইট টু এডুকেশন’ কর্মসূচির আওতায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে।
সংগঠনের দাবি, অবিলম্বে শূন্যপদে নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম ফেরানো হোক। শিক্ষাঙ্গনে অচলাবস্থা চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

