শিলিগুড়ি : পুজোতেও মিলবে না সিংহের দেখা। তবে বেঙ্গল সাফারি গিয়ে বিফলেও ফিরতে হবে না। ১৩ বাঘের সঙ্গে নতুন বেশকিছু পশুপাখির দেখা পাবে দর্শকরা। ইতিমধ্যে সাফারি পার্কে এসে পৌছছে নেকড়ে থেকে শুরু করে ঘড়িয়াল ও পেইন্টেডের মতো পশু পাখি। স্বভাবিকভাবেই পুজোর আগে নতুন অতিথি পেয়ে খুশি সাফারি কর্তৃপক্ষ।
প্রায় দেড় বছর আগে ত্রিপুরার সিপাহিজেলা চিড়িয়াখানা থেকে সিংহ আনা হয়েছিল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। পরবর্তীতে এখানেই আরও সিংহের জন্ম নেয়। সবমিলিয়ে বর্তমানে ৬টি সিংহ রয়েছে পার্কে। কিন্তু দেড়বছর ধরে সিংহের এনক্লোজার তৈরি করতে না পারায় পুজোর আগে সাধারণের দেখা মিলবে না সিংহের। একই অবস্থ হাতি সাফারির। পার্কে দুটি হাতি থাকলেও একটি হাতির মৃত্যু হয়েছে। আরেকটি হাতি পাঠিয়ে দেওয়া হয়েছে জলদাপাড়াতে। এই অবস্থায় পুজোর আগে হাতি সাফারি শুরু কোনও সম্ভবা নেই।
যদিও, পার্ক কর্তৃপক্ষের দাবি পুজোর আগে পর্যটকদের উপহার হিসেবে বেশকিছু পশুপাখি নিয়ে আসা হয়েছে। পুজোর মুখে সেগুকি সাধারণের দেখার জন্য খুলে দেওয়া হবে। জানা গিয়েছে
ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে, এক জোড়া ভারতীয় ধূসর নেকড়ে ও একটি সোনালি শিয়াল। আলিপুর চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছে,এক জোড়া এশীয় কালো ভালুক,এক জোড়া ঘরিয়াল, সবুজ ইগুয়ানা, এক জোড়া ভারতীয় বন্য কুকুর, এক জোড়া ইউরেশিয়ান স্পুনবিল ও পেইন্টেড স্টর্ক।
তবে দেড় বছরেও সিংহ সাফারি কেন শুরু করা গেল না তা নিয়ে সাফারি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। সূত্রে খবর এনক্লোজার তৈরির কাজ শেষ করতে এখনও বেশকিছুটা সময় প্রয়োজন। স্বাভাবিকভাবে ২০২৬ এর আগে পর্যটকরা সিংহ সাফারি উপভোগ করতে পারবে না তা একপ্রকার নিশ্চিত।

