শিলিগুড়ি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শিলিগুড়ির বিধান মার্কেটে ঝাঁটা হাতে স্বচ্ছতা অভিযানে নেমে নজর কাড়লেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট। ব্যবসায়ীদের সঙ্গে কথাও বললেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত সাংসদকে ঘিরে ছিলেন বিজেপির নেতারা। কিন্তু অনুপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। অনুষ্ঠান শেষের মুখে তাঁর আগমন ঘটলেও, সাংসদ ও বিধায়ককে এক ফ্রেমে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ার পোস্টেও ধরা পড়েননি শংকর। ফলে স্বাভাবিকভাবেই জোরালো হয়েছে জল্পনা একসময়ের মিত্রতার সম্পর্ক কি তবে ফাটল ধরছে?
রাজনৈতিক মহলের মতে, শিলিগুড়ি আসন পেতে ও বিজেপিতে যোগ দিতে শংকর ঘোষের অন্যতম ভরসা ছিলেন রাজু বিষ্ট। অথচ শনিবারের কর্মসূচিতে সেই সাংসদের কাছ থেকে কার্যত দূরে থাকলেন শিলিগুড়ির বিধায়ক। এই ঘটনায় ফের সামনে এসেছে দুদিন আগের শংকর ঘোষের ফেসবুক পোস্ট। “পথ দেখানোর মানুষ যখন পথভ্রষ্ট, লড়াইটা তখন একক।” প্রশ্ন উঠছে, এই মন্তব্য কি সাংসদ রাজু বিষ্টকেই উদ্দেশ্য করে?
একদিকে সাংসদ রাজু বিষ্টের সক্রিয়তা, অন্যদিকে শংকর ঘোষের দূরত্ব বিজেপির অন্দরে সম্পর্কের সমীকরণ নতুন করে ভাবাচ্ছে গেরুয়া শিবিরকেই। সবটাই কি কেবল কাকতালীয়? নাকি শুরু হয়েছে সাংসদ-বিধায়কের ঠান্ডা লড়াই? উত্তর দেবে সময়ই।

