শিলিগুড়ি : আর মাত্র কয়েকদিন, মহালয়া পেরোলেই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর আমেজ। তৃতীয়া-চতুর্থী থেকেই শুরু হবে মণ্ডপ উদ্বোধন। ভিড় এড়াতে অনেকে সেই সময় থেকেই পূজো মণ্ডপ মুখী হন। তাই আগেভাগেই পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখল পুলিশ, দমকল ও বিদ্যুৎ দপ্তর।
সোমবার শিলিগুড়ির বড় বড় পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন পুলিশ কমিশনার সি সুধাকর, দমকল এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বৈদ্যুতিক সরঞ্জাম, দর্শনার্থীদের প্রবেশ ও বেড়িয়ে যাওয়ার রাস্তা কতটা প্রশস্ত সব দিকেই নজর দেওয়া হয়।
পুজোর দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রতিটি ক্লাবে স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের নজরদারিতে থাকবে সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি যে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি থাকবে পুলিশের বিশেষ বাহিনী ও স্পেশাল টিম। টহলে নামবে উইনার্স বাহিনীও। পুলিশ কমিশনার জানিয়েছেন, ২৪ ঘণ্টা সতর্ক থাকবে পুলিশ, দমকল এবং বিদ্যুৎ বিভাগ। সাধারণ মানুষকে যেকোনও সমস্যায় পুলিশের হেল্পলাইন ব্যবহার করার আবেদন করেছেন তিনি।
অন্যদিকে প্রতিটি ক্লাবকে অন্তত কিছু সংখ্যক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে, যাতে অগ্নিকাণ্ড বা বিপদজনক পরিস্থিতি সামাল দেওয়া যায়। রাস্তাঘাট বন্ধ করে আলোকসজ্জার গেট তৈরি না করারও কড়া নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। বেশকিছু মন্ডপের প্রবেশ ও বেড়িয়ের আসার পথ আরও প্রশস্ত করারও পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সব মিলিয়ে, পুজোয় যাতে আনন্দের আবহে কোনও ছায়া না পড়ে, সেই লক্ষ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে অন্যান্য দপ্তরেরও কড়া নজরদারি শুরু হয়েছে।

