শিলিগুড়ি : শিলিগুড়ির ভারত–নেপাল সীমান্তের পানিট্যাংকি থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করল এসএসবি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সোমবার রাতে অভিযানে নামেন। পরে ধৃতদের দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমল রায়, গৌতম রায় এবং প্রীতম রায়। তবে ভারতে প্রবেশের পর তারা নিজেদের পরিচয় দিতেন অমল বর্মন, গৌতম বর্মন ও প্রীতম বর্মন নামে। তিনজনই বাংলাদেশের জলঢাকার শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা পানিট্যাংকি এলাকায় ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত ছিলেন।
তদন্তে জানা যায়, গৌতম রায় প্রথমে ২০২৪ সালের ৫ ডিসেম্বর কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সে ইলেকট্রিশিয়ানের কাজ করত। প্রীতম রায় এ বছর ১ এপ্রিল পাসপোর্ট–ভিসা নিয়ে ভারতে আসে। তবে মেয়াদ শেষ হলেও সে দেশে ফেরেনি। বর্তমানে রাজমিস্ত্রির কাজ করছিল। অমল রায় চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে প্রবেশ করে। সে পানিট্যাংকিতে একটি টেইলার্সে কাজ করছিল। ধৃত তিনজন কাকাতো জ্যাঠাতো ভাই। তাদের কাছ থেকে বাংলাদেশের নাগরিকত্বের বিভিন্ন প্রমাণপত্র উদ্ধার করেছে এসএসবি। ধৃতদের মঙ্গলবার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।

