শিলিগুড়ি : শিলিগুড়ি শহরের ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগরে মাত্র সাড়ে তিন মাসের এক কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনার অভিযোগ উঠেছে শিশুটির বাবার বিরুদ্ধেই। মঙ্গলবার সকাল থেকে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাহুল মাহাতোর সঙ্গে দুই বছর আগে বিহারের বাসিন্দা প্রিয়াঙ্কা কুমারীর বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান ছিল কন্যা, নাম অমৃতা মাহাতো। শিশুটির জন্মের পর থেকেই প্রিয়াঙ্কাকে তাঁর স্বামীর পরিবার মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছিল বলে অভিযোগ। কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়ির কেউই শিশুটিকে মেনে নিতে পারেনি বলে দাবি করা হয়েছে। প্রিয়াঙ্কার অভিযোগ, মেয়ে জন্মানোর পর থেকেই আমাকে খুব কষ্ট দিত। অনেকবার বলেছি, আমার মেয়েকে ভালোবাসতে, কিন্তু কেউ ওকে মেনে নেয়নি।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। সোমবার গভীর রাতে ঘটে চরম পরিণতি।
মঙ্গলবার সকালে শিশুকে অচৈতন্য অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, শিশুটি আগেই মারা গিয়েছে। প্রিয়াঙ্কার কাকা কাকিমার অভিযোগ, ওরাই ওকে মেরেছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আমরা ঘটনার পরই ভক্তিনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে আটক করেছে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাহুল। তাঁর দাবি, তিনি নিজের মেয়েকে কখনওই আঘাত করেননি। বরং এই মর্মান্তিক ঘটনার পর প্রিয়াঙ্কার পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সমাজের বিভিন্ন মহলে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে

