শিলিগুড়ি : নিরাপত্তাহীনতায় কাঁপছে শিলিগুড়ি। দক্ষিণ শান্তিনগরে এক বৃদ্ধার উপর ভয়াবহ হামলার ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশি নজরদারি। অভিযোগ, রবিবার গভীর রাতে মুখোশধারী তিন দুস্কৃতী একটি বাড়িতে ঢুকে একাকী থাকা ৭৩ বছরের বৃদ্ধা শ্যামলী চক্রবর্তীর মুখে কাপড় গুঁজে দিয়ে বেধড়ক মারধর করে। তারপর তাঁর কানে থাকা সোনার দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা শ্যামলী দেবী একাই বাড়ির নিচের তলায় থাকতেন। রাতে প্রায় ৩টা নাগাদ বাড়ির পেছনের লোহার গেট খুলে ঘরে ঢোকে তিন দুস্কৃতী। প্রত্যেকের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। ঘরে ঢুকেই তারা বৃদ্ধার মুখ চেপে ধরে কাপড় গুঁজে দেয়। এরপর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর শুরু করে। বৃদ্ধা চিৎকার করার আগেই কান থেকে ছিঁড়ে নেয় সোনার দুল।
মারধরে গুরুতর আহত হন ওই বৃদ্ধা। কান থেকে ঝরতে থাকে রক্ত, ফুলে ওঠে মুখ ও চোখ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে খবর দেওয়া হয় এনজেপি থানায়।ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ।তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে শহরে একাধিক চুরি, ডাকাতি ও লুঠের ঘটনা ঘটেছে। অথচ পুলিশের টহল কার্যত অদৃশ্য। এই পরিস্থিতিতে আতঙ্ক আরও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
রোজ রাতে আতঙ্কে ঘুমাতে হয়। কখন যে কে এসে হামলা করে, চুরি করে নিয়ে যাবে বোঝাই যায় না। পুলিশের টহল চাই। না হলে একদিন বড় বিপদ হবে।

