শিলিগুড়ি : বাড়ির সামনে রাস্তায় রাখা কফিন। সামনে দাড়িয়ে রয়েছেন কয়েকজন। তাতে আবার ছবি তুলছেন দুই যুবক। কিন্তু রাস্তায় কফিন কেন? যা দেখে রীতিমত চমকে উঠলেন বাসিন্দারা। ডাক পড়ল পুলিশের। তারপর বেড়িয়ে এল আসল রহস্য।
রবিবার সাত সকালে এমনই ঘটনায় বুক কেপে ওঠে শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে। বাড়ির বারান্দায় এসে অনেকে দেখতে পান রাস্তার সামনে রাখা কফিন। সেখানে রয়েছে জনাপাঁচেক যুবক, চারজন মহিলা এবং বেশ কয়েকজন স্কুল ছাত্র ছাত্রী। তারা ওই কফিনের পাশে ঘোরাঘুরি করছে। বিষয়টি দেখে এলাকার লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। ফোন যায় স্থানীয় কাউন্সিলর ও শিলিগুড়ি থানার পুলিশরের কাছে। খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি থানার দুটি পুলিশ ভ্যানে ফোর্স নিয়ে পৌঁছায় ঘটনাস্থলে ।
পুলিশ এসে ওই যুবকদের এবং মহিলাদের সাথে কথা বলে জানতে পারেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ দিবস নিয়ে একটি ডকুমেন্টারি বানাচ্ছে তার শুটিং চলছে। উদ্যোগতারা জানায় পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে ওই কফিনটিকে একটি মৃত গাছের সাথে তুলনা দিয়ে তথ্যচিত্র বানানোর শুটিং চলছিল।
কিন্তু কিছুদিন আগেই ব্লগার জ্যোতি গ্রেফতারের পর থেকে সতর্ক পুলিশ প্রশাসন। কোন ফটোগ্রাফি করার ক্ষেত্রে নিতে হবে পুলিশ প্রশাসনের অনুমতি, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার।কিন্তু এক্ষেত্রে ওই স্বেচ্ছাসেবী সংগঠন কিছুই নেয়নি বলেই অভিযোগ। পুলিশ তাদের সাফ জানিয়ে দেয় পুলিশ প্রশাসন এবং শিলিগুড়ি পুরনিগমের অনুমতি ছাড়া শুটিং করা যাবে না। এরপর ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যরা ফিরে যান।

