শিলিগুড়ি: শিলিগুড়ি আদালতের নতুন ভবন তৈরিতে রাজ্যের আপত্তি নেই। নতুন ভবনের নকশাতে হাইকোর্ট সিলমোহর দিলেই কাজ শুরু করবে সরকার। সোমবার রাতে আইনজীবীদের সঙ্গে বৈঠকের এমনটাই আশ্বাস্ত করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।
সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি আদালত লাগোয়া দীনবন্ধু মঞ্চে উত্তরের শিল্প নিয়ে শিল্পপতিদের সঙ্গে বাণিজ্য সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেই সুযোগকে কাজে লাগিয়েই আদালতের নতুন ভবন তৈরির দীর্ঘদিনের দাবি নিয়ে প্লাকার্ড হাতে রাস্তায় দাড়িয়ে কার্যত বিক্ষোভ দেখান শিলিগুড়ি বার অয়াসোসিয়েশনের সদস্যরা। চাপের মুখে পড়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কিন্তু তাতে চিড়ে না ভিজলে আইনমন্ত্রীর সঙ্গে তাদের ওইদিনই বৈঠক করানোর আশ্বাস দেন মেয়র।
সেই মতো সোমবার রাতে মেয়রের উপস্থিতিতে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল। সেখানেই আদালতের নতুন ভবন তৈরি নিয়ে আশ্বাস্ত করেন মন্ত্রী মলয় ঘঠক। এদিকে মন্ত্রীর আশ্বাস পেয়ে আশার আলোর ফের দেখছেন আইজীবীরা। আইনজীবী অলোকেশ চক্রবর্তী জানান, মন্ত্রী আশ্বস্ত করেছেন পুরনো জায়গাতেই নতুন ভবন গড়ে তোলা হবে। তিনিও এব্যাপারে উদ্যোগী হবেন। আমাদেরকে এই নিয়ে হাইকোর্টের রেজিস্টারকে চিঠি দিতে বলেছেন। সেই চিঠির কপি রাজ্য সরকারকেও পাঠাতে বলেছেন। আমরা আশা করছি ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই আমাদের নতুন আদালত ভবন তৈরি হয়ে উঠবে।
তবে অসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী শিলিগুড়ি আদালতের নতুন ভবন তৈরির শিলান্যাস করেছিলেন। কিন্তু একযুগ কেটে গেলেও রাজ্য ভবন তৈরী না করায় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ ।

