শিলিগুড়ি : চাকরি দেওয়ার নাম করে শিলিগুড়িতে নিয়ে এসে আটকে রাখা অভিযোগে চার নাগা বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। প্রতারিতদের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে মেনে নাগাল্যান্ড ও মিজোরামের চারজনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল লালরামসন চোংলই, জোশেপ জারজোরসাং, এডওয়ার্ড হামার, থাংচুংচ্যান হেংনা।
জানা গিয়েছে, মাস তিনেক আগে নাগাল্যান্ডের দুই তরুণকে চাকরি দেওয়ার নাম করে শিলিগুড়ি নিয়ে আসে অভিযুক্তরা। এর জন্য মাথা পিছু ২০ হাজার টাকা করে নেয় তারা। অভিযোগ, এরপর থেকে মাটিগাড়া থানার অন্তর্গত বারোঘরিয়ায় এলাকার একটি মাঠের মধ্যে থাকা পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়।কোনওরকমে সেখান থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ প্রতারিত তরুণেরা। পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করার পাশাপাশি একটি অফিস ঘরের খোঁজ পেয়েছে। সেই অফিসের মালিকের খোঁজও ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

