শিলিগুড়ি : উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রনে সম্বনয় কমিটি গঠন করল রাজ্য সরকার। সেই কমিটি নজর রাখবে বৃষ্টিপাত থেকে শুরু করে নদী ভাঙন সমস্তটাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে হবে পরিস্থিতি। বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুইয়ার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উত্তরের নদী ভাঙনের পাশাপাশি সিকিমে প্রবল বৃষ্টিপাতের জেরে তিস্তায় পলি জমার কারণে শিলিগুড়িতে পানীয় জল সমস্যা নিয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেচ দপ্তর সবরকম সাহায্য করবে বলেও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে আশ্বাস দিয়েছেন সেচমন্ত্রী।
অন্যদিকে প্রতিবছর উত্তরের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন সেচমন্ত্রী। তার অভিযোগ, ভূটানের ৭৬ টা নদীর হরপা বানের কারণে উত্তরবঙ্গ প্লাবিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ইন্দো ভূটান রিভার কমিশন করার কথা জানিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি। যার কারণে প্রতিবছর বন্যায় প্লাবিত হচ্ছে উত্তরের মানুষ। সেই কারনের মুখ্যমন্ত্রীর নির্দেশে উতরের বন্যা পরিস্থিতি নিয়ে মেয়র গৌতম দেবকে মাথায় রেখে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আধিকারিকদের নিয়ে একটি ও মন্ত্রীদের নিয়ে মোট দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরী করা হয়েছে।
এদিনে রাতেই সেচমন্ত্রী আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বৈঠক করার কথা রয়েছে। সেখান থেকে জলপাইগুড়ি যাবেন সেচমন্ত্রী মানস ভুইয়া।

